হাওজা নিউজ এজেন্সি: সন্তানদের সঙ্গে সত্যবাদী আচরণ এবং পারিবারিক সমস্যা সমাধানে সচেতনভাবে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ—এ দুটি বিষয় পরিবারের মানসিক সুস্থতা ও স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। হুজ্জাতুল ইসলাম আলী বায়াত পারিবারিক ও সন্তান প্রতিপালনসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে তাঁর বিশ্লেষণ তুলে ধরেছেন।
সন্তানের কাছে পারিবারিক সত্য কখন ও কীভাবে প্রকাশ করবেন?
একজন বাবা বিশেষজ্ঞের কাছে জানতে চান,
‘আমার ও আমার স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেছে। আমার মেয়ের বয়স যখন সাত মাস, তখন তাকে আমার দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে দিই। আমার দ্বিতীয় স্ত্রীই তাকে লালন-পালন করে বড় করেছেন। বর্তমানে মেয়ের বয়স ১১ বছর। সে এখন পর্যন্ত তার জন্মদাত্রী মাকে দেখেনি এবং এ বিষয়েও কিছু জানে না। কখন ও কীভাবে তার কাছে প্রকৃত সত্যটি প্রকাশ করা উচিত?’
বিশেষজ্ঞের উত্তর: বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই বাবা যে প্রশ্নটি করেছেন, তা প্রশংসনীয়। তবে বিষয়টির বিশেষায়িত দিক বিবেচনায় একজন শিশু ও কিশোর মনোবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
প্রথমত, বিষয়টি সন্তানের কাছ থেকে গোপন রাখা অব্যাহত রাখা উচিত নয়। তবে সত্য প্রকাশের ক্ষেত্রেও তাড়াহুড়ো করা কিংবা কোনো পরিকল্পনা ছাড়াই কথা বলা ঠিক হবে না।
আপনার মেয়ে এখন কৈশোরে প্রবেশের দ্বারপ্রান্তে। এ বয়সে অনেক শিশুর মধ্যেই নিজের পরিচয়, বংশপরিচয় এবং পরিবারে নিজের অবস্থান নিয়ে নানা প্রশ্ন তৈরি হতে থাকে। তাই বিষয়টি অত্যন্ত সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে তার সামনে তুলে ধরা প্রয়োজন।
বিশেষজ্ঞের অভিজ্ঞতায় দেখা যায়, সন্তান ভবিষ্যতে অন্য কোনো মাধ্যম থেকেও এ ধরনের সত্য জানতে পারে। যেমন—পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বা বিরোধের সময়, আত্মীয়স্বজনের মাধ্যমে কিংবা বন্ধুদের কাছ থেকে। পরিবার যদি নিরাপদ ও বিবেচনাপূর্ণ পরিবেশে নিজেরাই তাকে সত্যটি না জানায়, তাহলে সে মনে করতে পারে, তার বাবা-মা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় গোপন করেছেন কিংবা তাকে প্রতারিত করেছেন।
সন্তানের নিজের পরিচয় ও পারিবারিক ইতিহাস জানার অধিকার রয়েছে। তবে সেই সত্য প্রকাশের পদ্ধতি অবশ্যই তার মানসিক ও আবেগিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
তাই উপযুক্ত প্রস্তুতি গ্রহণ এবং বিশেষজ্ঞের সহযোগিতা নিয়ে প্রথম সুযোগেই মেয়েটিকে বিষয়টি জানানো ভালো। এর আগে পরামর্শক তার মানসিক ও আবেগিক অবস্থা, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, যাঁরা তাকে বড় করেছেন তাঁদের সঙ্গে তার আবেগিক সম্পর্ক এবং পরিবারের সহায়তামূলক পরিবেশ সম্পর্কে মূল্যায়ন করতে পারেন। একই সঙ্গে জন্মদাত্রী মায়ের বর্তমান অবস্থা এবং তাঁর সঙ্গে ভবিষ্যতে যোগাযোগের সম্ভাবনা বা পদ্ধতিও বিশেষজ্ঞের পরামর্শে বিবেচনা করা প্রয়োজন।
এ ক্ষেত্রে মূলনীতি হলো, সত্য প্রকাশ করতে হবে সততা, ধৈর্য ও শান্ত পরিবেশের মধ্য দিয়ে—হঠাৎ করে কোনো কঠিন কথোপকথনের মাধ্যমে নয়।
যাঁরা মেয়েটিকে বড় করেছেন, সেই বাবা ও মায়ের উচিত আলোচনার আগে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে কে কীভাবে বিষয়টি উপস্থাপন করবেন, কী ধরনের ভাষা ব্যবহার করবেন এবং মেয়েটির সম্ভাব্য প্রশ্নের উত্তর কীভাবে দেবেন, সে বিষয়ে একমত হওয়া। বিশেষজ্ঞ পরিবারের বিশেষ পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করতে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পর্যায়েও সহযোগিতা করতে পারবেন।
দাম্পত্য ও পারিবারিক জীবনে পরামর্শ গ্রহণের গুরুত্ব
বিবাহ ও পারিবারিক জীবনে পরামর্শ গ্রহণের বিষয়টি ইসলামের দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে ইমাম হাসান (আ.)-এর একটি বর্ণনা উল্লেখ করা হয়েছে।
মাকারিমুল আখলাক গ্রন্থের ২০৪ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, এক ব্যক্তি তাঁর মেয়ের বিয়ের বিষয়ে পরামর্শ নিতে ইমাম হাসান (আ.)-এর কাছে আসেন। তাঁর বক্তব্য শোনার পর ইমাম তাঁকে মেয়ের বিয়ে এমন একজন পুরুষের সঙ্গে দেওয়ার পরামর্শ দেন, যিনি পরহেজগার ও মুত্তাকি।
আধুনিক মনোবিজ্ঞানের পরিভাষায় বলা যায়, এমন ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ ও আত্মসংযমের সক্ষমতা থাকে।
এ বৈশিষ্ট্যের বর্ণনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন পরহেজগার ব্যক্তি তাঁর স্ত্রীকে ভালোবাসলে প্রতিদিন তাঁর প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনের চেষ্টা করেন। আর কোনো কারণে দাম্পত্য জীবনে মতবিরোধ, অসন্তোষ কিংবা ভালোবাসার ঘাটতি তৈরি হলেও তিনি স্ত্রীর প্রতি অত্যাচার ও অন্যায় করা থেকে বিরত থাকেন।
বর্ণনাটিতে পুরুষের কথা বলা হলেও একই নীতি একজন পরহেজগার নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি স্বামীকে ভালোবাসলে তাঁর মর্যাদা রক্ষা করবেন। আর ভালোবাসা না থাকলেও তাঁর প্রতি অন্যায় বা অসম্মানজনক আচরণ করবেন না।
আমাদের সমাজে একটি সমস্যা হলো, কেউ কেউ স্ত্রীকে ভালোবাসা সত্ত্বেও তাঁকে যথাযথ সম্মান ও মর্যাদা দেন না। আবার কোনো কারণে স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হলে তা সমাধানের পরিবর্তে একে অপরের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
একজন যোগ্য পরামর্শদাতার পাঁচটি গুণ
কার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত, সে বিষয়ে আলোচনার জন্য ইমাম জাফর সাদিক (আ.)-এর একটি বর্ণনা উল্লেখ করা হয়েছে।
মিসবাহুশ শরিয়াহ গ্রন্থে এমন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে, যার মধ্যে পাঁচটি গুণ রয়েছে। সেগুলো হলো—
১. বুদ্ধিমত্তা ও বিচারবোধ: সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং বিষয়গুলো যথাযথভাবে উপলব্ধি করার ক্ষমতা।
২. জ্ঞান: সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা।
৩. অভিজ্ঞতা: বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং অর্জিত শিক্ষা।
৪. ল্যাণকামিতা: পরামর্শপ্রার্থী ব্যক্তির প্রকৃত মঙ্গল কামনা করার মানসিকতা।
৫. তাকওয়া: আল্লাহভীতি, আত্মসংযম এবং পরামর্শ দেওয়ার ক্ষেত্রে নৈতিক দায়িত্বশীলতা।
এ প্রসঙ্গে তিনি ‘বিচক্ষণ পরামর্শ গ্রহণের সংস্কৃতি’ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, পরামর্শ গ্রহণকে শুধু সমস্যা দেখা দেওয়ার পর সমাধানের উপায় হিসেবে বিবেচনা করা উচিত নয়।
মানুষকে এমন পরামর্শ গ্রহণে উৎসাহিত করতে হবে, যা তার নিজের বিচারবুদ্ধিকে সচল ও শক্তিশালী করে। এর অর্থ এই নয় যে, মানুষ নিজের বিবেচনাবোধ বন্ধ করে দিয়ে পরামর্শদাতার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়বে কিংবা পরামর্শদাতা তার হয়ে সিদ্ধান্ত নেবেন।
বরং একজন ভালো পরামর্শদাতা নিজের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞার মাধ্যমে পরামর্শপ্রার্থীর চিন্তাশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে আরও বিকশিত করতে সহায়তা করেন।
অর্থাৎ, পরামর্শ গ্রহণের উদ্দেশ্য হলো অন্যের বুদ্ধি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের বিচারবোধ ও সৃজনশীলতাকে শক্তিশালী করা। একজন যোগ্য পরামর্শদাতা নিজে যেমন এসব গুণের অধিকারী হবেন, তেমনি পরামর্শপ্রার্থীকেও নিজের সক্ষমতা কাজে লাগাতে সহযোগিতা করবেন।
সুতরাং, পারিবারিক বা দাম্পত্য জীবনের কোনো বিষয়ে পরামর্শ নিতে হলে এমন ব্যক্তির শরণাপন্ন হওয়া উচিত, যিনি সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, জ্ঞানী, অভিজ্ঞ এবং ইরানি-ইসলামি সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা রাখেন। এসব বৈশিষ্ট্য একজন পরামর্শদাতার মধ্যে থাকা জরুরি, যাতে তাঁর দেওয়া পরামর্শ উপকারের পরিবর্তে ক্ষতির কারণ না হয়।
আপনার কমেন্ট